নিজস্ব প্রতিবেদক,মোঃ আতিকুর রহমান, বাঞ্ছারামপুর | ০১ মে, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মান্তু মিয়া (৬৮) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল ৩০ এপ্রিল রাতে বাঞ্ছারামপুর সদর ইউনিয়নের খোশকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক পিকআপ চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।
ঘটনার বিবরণ:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে মান্তু মিয়া খোশকান্দি গ্রামস্থ সাবেক চেয়ারম্যান শহিদ মিয়ার বাড়ির নিকটবর্তী মসজিদ সংলগ্ন পাকা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ও বেপরোয়া পিকআপ ভ্যান তাকে সরাসরি ধাক্কা দেয়। এতে তিনি মাথায় ও কানে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও ভিডিও ফুটেজ:
ভিডিও ফুটেজে দেখা যায়, দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ স্থানীয় জনতা ঘাতক পিকআপ ভ্যানটি জব্দ করে এবং চালক ইয়াছিনকে (২৮) হাতেনাতে আটক করে। এসময় চালক ইয়াছিনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার বেপরোয়া গতির কথা স্বীকার করে জানায়, সামনের একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সে বৃদ্ধকে ধাক্কা দেয়।
পুলিশের পদক্ষেপ:
ঘটনার খবর পেয়ে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আসামী ইয়াছিনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইয়াছিন উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের শরিফপুর গ্রামের মোঃ আজিজ মিয়ার ছেলে। পুলিশ ঘাতক পিকআপ ভ্যানটিও থানায় নিয়ে এসেছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং জানিয়েছে, এ ঘটনায় নিহতের ছেলে এরশাদ মিয়া (৫০) বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেছেন।
নিহতের পরিবার ও এলাকায় এই ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে বেপরোয়া যানবাহন চলাচল বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।
